নিজস্ব প্রতিনিধি –
চট্টগ্রাম, ১৫ মার্চ ২০২৬: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটরিয়ামে (জুলাই বিপ্লব স্মৃতি হল) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো সিটিজি২৪ (CTG24) কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের মহিমা’-এর ৩য় আসর। দিনব্যাপী এই অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের সুরলহরীতে মুখরিত হয় বন্দরনগরী। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘দি ডেইলি পিপলস ভিউ’ পত্রিকার সম্পাদক এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (CJA) বাংলাদেশ চ্যাপ্টার-এর সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিশুদের মানসিক বিকাশ এবং নৈতিক শিক্ষার জন্য কুরআনের চর্চা অপরিহার্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশু ও তরুণদের মাঝে কুরআনের শিক্ষা বিস্তার এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের অপসংস্কৃতি থেকে যুবসমাজকে রক্ষা করতে সিটিজি২৪-এর এই আয়োজন প্রশংসার দাবি রাখে।”
‘লাভ দ্য পুওর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সিটিজি২৪ (CTG24)-এর প্রধান নির্বাহী কে এম ফোরকান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, এসডিজে ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম এবং আনোয়ারা স্টুডেন্ট ফোরামের সভাপতি তানবিরুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্য থেকে বিচারক মণ্ডলীর রায়ে বিজয়ীদের নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল হাফেজে কুরআনের সম্মানে ইফতার মাহফিল ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে একটি মানবিক ও নৈতিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।